বাণিজ্য সম্পর্ক জোরদারে চীন সফরে যাচ্ছে ডিসিসিআই প্রতিনিধি দল Staff Staff Reporter প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর একটি প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে চীন সফরে যাচ্ছে। সংগঠনটির ২২ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল আগামীকাল বুধবার (১৫ এপ্রিল) গুয়াংজু শহরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এই সফরের প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা, পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বিস্তৃত করা এবং দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে নতুন ব্যবসায়িক সম্ভাবনা খুঁজে বের করা। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ডিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী। এ দলে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, সিরামিক, তথ্যপ্রযুক্তি, অটোমোটিভ, শিল্পকারখানার তেল ও গ্রিজ, শিপিং ও লজিস্টিকস সেবা, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যালস, নবায়নযোগ্য জ্বালানি, প্রতিরক্ষা সরঞ্জাম এবং তৈরি পোশাক খাতের রপ্তানিকারক ও আমদানিকারকরা অন্তর্ভুক্ত রয়েছেন। সফর চলাকালে প্রতিনিধি দলটি চীনের শীর্ষ বাণিজ্য উন্নয়ন সংস্থা ও চেম্বারগুলোর সঙ্গে একাধিক বিজনেস ফোরাম এবং বি-টু-বি নেটওয়ার্কিং কার্যক্রমে অংশ নেবে। এর মধ্যে রয়েছে সিসিপিআইটি গুয়াংজু, সিসিপিআইটি গুয়াংজু নানশা, গুয়াংজু নানশা সার্ভিসেস ট্রেড অ্যাসোসিয়েশন, গুয়াংডং চেম্বার অব কমার্স অব ইমপোর্টারস অ্যান্ড এক্সপোর্টারস, চায়না চেম্বার অব কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস (সিসিসিএমই) এবং গুয়াংজু ওভারসিজ এন্টারপ্রাইজেস চেম্বার অব কমার্স। এই সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি ক্যান্টন ফেয়ার-এ অংশ নেবে, যেখানে কাঠামোবদ্ধ ক্রেতা-বিক্রেতা সংযোগ এবং সরেজমিনে ব্যবসায়িক সম্ভাবনা যাচাই কার্যক্রমে যুক্ত থাকবে। পাশাপাশি তারা গুয়াংজু সোর্সিং ফেয়ারেও অংশগ্রহণ করবে। এসব উদ্যোগের মাধ্যমে ডিসিসিআই আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশি উদ্যোক্তাদের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে আরও কার্যকরভাবে যুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। SHARES অর্থনীতি বিষয়: