ভারতীয় কারাগারে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ Staff Staff Reporter প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কারাগারে আটক বাংলাদেশী যবক শিপন হাওলাদার মারা যাওয়ার পর ওই যুবকের মরদেহ শেরপুর সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে ওই মরদেহ হস্তান্তর করা হয়। মৃত ওই যুবক শিপন হাওলাদার (৩৫) দেশের বরগুনা জেলার সদর উপজেলার সবেজ হাওলাদারের ছেলে। পুলিশ ও বিজিবি জানায়, প্রায় ১৯ মাস আগে শিপন হাওলাদার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হলে তাকে সেখানকার পুলিশে সোপর্দ করা হয়। এরপর ভারতীয় আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাদন্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিপন অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে ২১ এপ্রিল মঙ্গলবার দুপুর একটার দিকে শিপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ হস্তান্তরকালে ভারতীয় বিএসএফ এর পক্ষে ঢালু কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর কিমা রায়, বাংলাদেশের বিজিবি’র পক্ষে হাতিপাগার সবেদার ফুল মিয়া সরকার, নালিতাবাড়ী থানা পুলিশের ওসি আশরাফুজ্জামানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: