সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু Staff Staff Reporter প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬ সুনামগঞ্জের চার উপজেলায় আকস্মিক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় পৃথক স্থানে এই ঘটনা ঘটে। ধর্মপাশায় বজ্রপাতে নিহত হয়েছেন হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩) নামে দুই জন। শনিবার দুপুরে পৃথক স্থানে পৃথক বজ্রপাতে তারা নিহত হয়। হবিবুর উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী। রহমত উল্লাহ জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের জয়নাল হকের ছেলে। অন্যদিকে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বকরের ছেলে আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮) জামলাবাজ গ্রামে একটি হাঁসের খামারের সামনে বজ্রপাতে নিহত হন। তিনি ওই খামারে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নূর মোহাম্মদ (২৪) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর (গজারিয়া হাটি) গ্রামে বজ্রপাতে নুরুজ্জামান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাগনার হাওরে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে নুরুজ্জামান ও তার চাচাতো ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। দিরাই উপজেলার চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামের একজন বজ্রপাতে নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম লিটন মিয়া। তিনিও হাওরে ধান কাটার সময় বজ্রপাতে শিকার হন। ওই পাঁচজনের মৃত্যুর বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসন নিশ্চিত করেছেন। SHARES সারা বাংলা বিষয়: