ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা, গুরুতর আহত শিশু পুত্র

Staff Staff

Reporter

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

ভোলা সদর উপজেলায় নিজ বসতঘরে ঢুকে নাছিমা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে

হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ৭ বছর বয়সী শিশু পুত্র আবির গুরুতর আহত

হয়েছে।

‎শুক্রবার (১৭ এপ্রিল) দিনগত মধ্যরাতে উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের

শরীফ সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম প্রবাসী আল আমিনের স্ত্রী।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে

অবস্থান করছেন নাছিমা বেগমের স্বামী আল আমিন। স্বামী প্রবাসে থাকায় ছোট ছেলে আবিরকে

নিয়ে নির্মাণাধীন বসতঘরে একাই বসবাস করছিলেন তিনি।

‎ঘটনার রাতে মা ও ছেলে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। পরে তাদের

ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নাছিমা বেগম নিহত হন এবং

তার ছেলে আবির গুরুতর আহত হয়।

‎শনিবার সকাল প্রায় ৭টার দিকে ঘরের ভিতরে কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা ভেতরে

ঢুকে নাছিমা বেগমের মরদেহ ও আহত শিশুটিকে দেখতে পান। পরে স্থানীয়রা আবিরকে উদ্ধার

করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ

উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা

কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনের কারণ উদঘাটনে

তদন্ত অব্যাহত রয়েছে।

‎এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক

শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।