সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির পথে

Staff Staff

Reporter

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তিনি বর্তমানে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ডাক্তারদের সম্পূর্ণ পর্যবেক্ষণে থাকছেন।

মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বুধবার বলেন, তার কেবিনে চিকিৎসা চলছে এবং তার অবস্থা অনেকটাই ভালো হয়েছে। প্রতিদিন নানা ধরনের থেরাপি দেওয়া হচ্ছে এবং ডাক্তারেরা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

এদিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম মির্জা আব্বাসকে দেখতে হাসপতালে যান। বর্তমানে মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, মির্জা আব্বাস ১১ মার্চ রমজান মাসের ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারানোর পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশের প্রখ্যাত নিউরো চিকিত্সকদের তত্ত্বাবধানে দ্রুত মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ১৫ মার্চ তার অবস্থা অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়।