বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ডের স্কোয়াডে পরিবর্তন

Staff Staff

Reporter

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সীমিত ওভারের সিরিজ সামনে রেখে কিউই দলে এসেছে

পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন এক পেস অলরাউন্ডার, আরেক পেসার যাচ্ছেন

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে।

১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। এর আগে

সফরকারী দল তাদের স্কোয়াড ঘোষণা করলেও শেষ মুহূর্তে এসেছে কিছু রদবদল।

ডান হাতের ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। তার পরিবর্তে দলে

নেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার বেন লিস্টার। ক্লার্ক বর্তমানে নিউজিল্যান্ড ‘এ’ দলের

হয়ে শ্রীলঙ্কা সফরে ছিলেন, যেখানে ক্যাচ নিতে গিয়ে এই চোট পান। চলতি বছরের শুরুতে

ভারত সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।

নতুন সুযোগ পাওয়া লিস্টারও ‘এ’ দলের সঙ্গে একই সফরে রয়েছেন। এর আগে ২০২৪ সালে

পাকিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলে পথচলা শুরু হয় তার, এবং ইতিমধ্যে সীমিত ওভারের দুই

ফরম্যাটেই বেশ কিছু ম্যাচ খেলেছেন।

অন্যদিকে ওয়ানডে সিরিজে থাকছেন না বেন সিয়ার্স। তিনি পাকিস্তান সুপার লিগে

রাওয়ালপিন্ডি দলে যোগ দেবেন এবং পরে টি-টোয়েন্টি সিরিজের আগে ঢাকায় আসবেন।

একই দলে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার রিশাদ হোসেন। যদিও তাকে সহ কয়েকজন বাংলাদেশি

ক্রিকেটারকে নির্দিষ্ট সময় পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল, তবে দলের

পারফরম্যান্স খারাপ হওয়ায় নতুন করে শক্তি বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে। ইনজুরিতে

পড়া নাসিম শাহ-এর বিকল্প হিসেবেই সিয়ার্সকে নেওয়ার পরিকল্পনা।

এদিকে চোট কাটিয়ে কিউই দলে ফিরেছেন কয়েকজন ক্রিকেটার। এই তালিকায় আছেন ম্যাট ফিশার,

উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার এই সিরিজে থাকছেন

না, কারণ তিনি আইপিএলে ব্যস্ত। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল। পূর্বনির্ধারিত সময় পরিবর্তন করে

ম্যাচগুলো এখন বেলা ১১টায় শুরু হবে। একইভাবে ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোও বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে, যা আগে সন্ধ্যা ৬টায়

হওয়ার কথা ছিল।