ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত Staff Staff Reporter প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬ ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধান সোমবার এক হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। নিহত ওই কর্মকর্তার নাম মেজর জেনারেল মজিদ খাদেমি। আইআরজিসি এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। তবে খাদেমি ঠিক কোথায় বা কীভাবে নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার ভোরে রাজধানী তেহরানের আশপাশের বেশ কিছু আবাসিক এলাকায় একাধিক বিমান হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সেই হামলাগুলোর কোনও একটির লক্ষ্যবস্তু ছিলেন তিনি। মজিদ খাদেমি জেনারেল মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হয়েছিলেন। উল্লেখ্য, গত জুন মাসে ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন কাজেমি। তার মৃত্যুর পরই গোয়েন্দা বিভাগের হাল ধরেছিলেন খাদেমি। ইরানের ভেতরে রেভল্যুশনারি গার্ডের এই গোয়েন্দা সংস্থাটি অত্যন্ত প্রভাবশালী এবং এটি সরাসরি দেশটির সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহি করে। পশ্চিমা নাগরিক বা বিদেশের সঙ্গে সম্পর্ক থাকা ব্যক্তিদের আটক করার পেছনে প্রায়ই এই সংস্থার নাম জড়িয়ে থাকে। এ ছাড়া বিদেশের মাটিতে ইরানের বর্তমান শাসনব্যবস্থার বিরোধীদের হত্যা বা হামলার পরিকল্পনার অভিযোগও এই সংস্থার বিরুদ্ধে দীর্ঘদিনের। SHARES আন্তর্জাতিক বিষয়: