চার দফায় বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম Staff Staff Reporter প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬ টানা চার দফা বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা, ফলে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। এই সমন্বয় এসেছে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা স্বর্ণের দর কমে যাওয়ার প্রভাবে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ১ এপ্রিল ভালো মানের স্বর্ণের ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। তারও আগে আরও তিন দফায় দাম বৃদ্ধি পায়। সব মিলিয়ে চার দফায় ১৩ হাজার ১২২ টাকা বাড়ার পর এবার কিছুটা কমানো হলো। বর্তমানে ২১ ক্যারেট স্বর্ণ ভরিতে ২ হাজার ১০০ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমে নতুন মূল্য হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা। এর আগে ১ এপ্রিল থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়, ২১ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায়। স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরিতে ১৭৫ টাকা কমে নতুন দাম নির্ধারণ হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা ২১ ক্যারেট রুপা ভরিতে ১১৭ টাকা কমে হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা। ১৮ ক্যারেট রুপার দাম কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৯ টাকা। আর সনাতন পদ্ধতির রুপা ভরিতে ১১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা। SHARES অর্থনীতি বিষয়: