শিল্পকলায় হান্ট থিয়েটারের নতুন নাটক ‘ক্যাফে দ্য ভলতে’ Staff Staff Reporter প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬ গত বছরের নভেম্বরে আত্মপ্রকাশ করা নাট্যদল হান্ট থিয়েটার তাদের প্রথম প্রযোজনা ‘ক্যাফে দ্য ভলতে’ নিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছে। বিরতির পর নতুন করে মঞ্চে ফিরছে এই আলোচিত নাটকটি। আজ ৩ এপ্রিল বিকেল ৫টা ৩০ এবং সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকের কাহিনি আবর্তিত হয়েছে ম্যাক্স ডি রোজারিও নামের একজন দক্ষ বাঙালি খ্রিষ্টান শেফকে কেন্দ্র করে। তার পরিচালিত রেস্তোরাঁ ‘ক্যাফে দ্য ভলতে’র উদ্বোধনী লগ্নে ক্যালকাটা শহরের চারজন প্রভাবশালী নাগরিকের ভাগ্য নিজের কবজায় নিয়ে নেন ম্যাক্স। এই গল্পের মূল সুর ফুটে উঠেছে এভাবে— “ম্যাক্স প্রতিশোধ নিতে চায় না। চায় না ন্যায় বিচার। শুধু এইটা জানা আছে যে, ম্যাক্সের হৃদয় ক্রুসেডের জন্য হাহাকার করে ওঠে। আমাদের কলিজায় যে ভ্রাম্যমান আদালত খেলা করে সেইখানে আপনাকে ভাবতে হবে রক্ত ঝরিয়ে। ক্যাফে দ্য ভলতেতে আপনাকে স্বাগতম। এই রক্তাক্ত রূপকথার ভিতরে আপনি যেভাবে খুশি বাঁচুন।” এক অন্যরকম মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের দৃশ্যপট। প্রযোজনাটির মূল ভাবনা, রচনা ও নির্দেশনার দায়িত্বে রয়েছেন ডায়না ম্যারেলিন। আবিদ হাসানের চিত্রনাট্যে নাটকটির আলোক পরিকল্পনা করেছেন মো. মোখলেছুর রহমান এবং আবহ ও সংগীতের দায়িত্বে আছেন চার্লস চৌধুরী। এছাড়া নেপথ্যে ব্যবস্থাপনায় জেরোম মধু ও রূপসজ্জায় কাজ করেছেন যোহানা সুচনা দাস। মঞ্চে নাটকটির বিভিন্ন চরিত্রে রূপদান করবেন মো. শাহজাদা সম্রাট চৌধুরী, আব্দুল্লাহ আল জাদিদ, প্রিয়ম মজুমদার, ইয়াদ খোরশিদ ঈশান, মালিহা ফাইরুজ ফারিন মেলিসা, নূর এ জান্নাত ওরিশা, শাহিন সাঈদুর, সুপ্রিয় ঘোষ, প্রজ্ঞা চন্দ, ডায়ানা ম্যারিলিন এবং শুভাশিস হালদার। গণমাধ্যমকে নাট্যদলের পক্ষ থেকে এই বিশেষ প্রদর্শনীর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। SHARES বিনোদন বিষয়: