ছাদে ৮০০ লিটার ডিজেল মজুত, জরিমানা আরোপ

Staff Staff

Reporter

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির ছাদের পানির ট্যাংকে অবৈধভাবে ডিজেল রাখার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১টা ৩০ মিনিটে উপজেলার চরজব্বর ইউনিয়নের ভুইয়ারহাট এলাকায় তার নিজ বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। অভিযান নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব ওসমান, যাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। এ সময় বাড়ির ছাদের পানির ট্যাংকের ভিতর থেকে প্রায় ৮০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়। এর জন্য ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তেলও জব্দ করা হয়। অভিযুক্ত বশির সেরাং জানান, তার একটি মাছ ধরার নৌকা রয়েছে, তাই তিনি নৌকা চালানোর জন্য এই তেল সংগ্রহ করে বাড়িতে রেখেছিলেন। তিনি আরও বলেন, চুরি বা চুরি করার আশঙ্কা থেকে এই তেল বাড়িতে সংরক্ষণ করেছিলেন। পরে জব্দ করা ডিজেল চর হাসান ভুইয়ারহাট বাজারে লাইসেন্সপ্রাপ্ত তেল ব্যবসায়ীদের কাছে ডিপো মূল্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। ইউএনও আকিব ওসমান বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম কঠোরভাবে পরিচালিত হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”