নওগাঁয় মাটির নিচে কাঠের বাক্স থেকে উদ্ধার হলো ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি গুলি

Staff Staff

Reporter

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি

রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর

ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া গ্রামের পটলের খেত থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জইদুল ইসলাম নামের এক বর্গাচাষি গতকাল রোববার সকালে আনছার

চৌধুরীর ওই পটলের জমিতে জাল দেওয়ার জন্য খুঁটি বসাতে যায়। এরপর বর্গাচাষি জইদুল

ইসলাম মাটির প্রায় এক ফুট নিচে শক্ত কিছু অনুভব করেন। পরে কোদাল দিয়ে মাটি খুঁড়লে

একটি ভাঙা কাঠের বাক্সের ভেতরে পুরোনো বুলেট দেখতে পান।

ঘটনাটি তিনি সঙ্গে সঙ্গে সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমকে জানান। পরে খোরশেদ আলম

ঘটনাস্থলে গিয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। তবে গুলিগুলো কতো আগের এবং কীভাবে

সেখানে এসেছে এসব বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।

খবর পেয়ে বদলগাছী থানার এসআই মোতাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

পরবর্তীতে থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে

৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেন।

বর্গাচাষি জইদুল ইসলাম জানান, তিনি জমিটি বন্ধক নিয়ে চাষাবাদ করেন। সকালে বাঁশের

খুঁটি বসানোর সময় মাটির নিচে কাঠের বাক্সে থাকা গুলি দেখতে পান। তার ধারণা,

গুলোগুলো অনেক পুরোনো।

সেখানে উপস্থিত বীরমুক্তিযোদ্ধা আক্কাস চৌধুরী, মুক্তিযোদ্ধা আইয়ুব চৌধুরী এবং

মুক্তিযোদ্ধা মজিবর রহমান জানান, গুলির ধরণ ও জরাজীর্ণ অবস্থা দেখে ধারণা করা হচ্ছে

গুলিগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার। যুদ্ধ চলাকালীন সময়ে সেখানে হয়তো

থেকে গেছিলো গুলিগুলো।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান, সকালে দেউলিয়া গ্রামের

মাঠে কাজ করছিল কয়েকজন কৃষক। এ সময় কোদাল দিয়ে মাঠি খুরতেই গুলি দেখতে পান তারা।

পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি

উদ্ধার করা হয়েছে। গুলির ধরণ ও জরাজীর্ণ অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,

এগুলো অনেক আগের এবং পুরনো। দীর্ঘসময় মাটির নিচে থাকায় এগুলোতে মরিচা ধরেছে।

উদ্ধারকৃত গুলিগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া

চলমান রয়েছে।