আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’: অস্ট্রেলিয়ার পর এবার যুক্তরাজ্যের পথে

Staff Staff

Reporter

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

দেশীয় দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টির পর এবার বিশ্বমঞ্চে যাত্রা শুরু করেছে

নির্মাতা তানিম নূরের চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। দেশীয় বক্স অফিসে সাফল্যের ধারা

অব্যাহত রেখে সিনেমাটি এখন প্রবাসী দর্শকদেরও মাতাতে প্রস্তুত।

শুক্রবার (২৭ মার্চ) থেকে অস্ট্রেলিয়ার প্রধান প্রধান শহরগুলোর প্রেক্ষাগৃহে

তারকাবহুল এই সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। নির্মাতা এবং ছবির পরিবেশক বঙ্গজ ফিল্মস

আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

পরিবেশক সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ার ব্যাংকস টাউন, ক্যাম্পবেল টাউন ও ক্যারোসলসহ

মোট ১৯টি সিনেমা হলে ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া আগামী এপ্রিল মাস

থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহেও ছবিটি প্রদর্শনের পরিকল্পনা চূড়ান্ত করা

হয়েছে।

উল্লেখ্য, বরেণ্য লেখক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই

সিনেমার মূল প্রেক্ষাপট একটি ট্রেনযাত্রা এবং এর যাত্রীদের যাপিত জীবনের নানা গল্প।

এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী,

শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধন। মুক্তির পর থেকে গণমাধ্যমে আসা খবর

অনুযায়ী, ছবিটির জনপ্রিয়তা ও বক্স অফিস সংগ্রহ প্রতিদিন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে।