দিনাজপুরে বিজিবির অভিযান: ২৫ কেজি ওজনের দুই কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১ Staff Staff Reporter প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬ দিনাজপুরের বিরল উপজেলায় পৃথক দুটি অভিযানে ২৫ কেজি ৬৭০ গ্রাম ওজনের মূল্যবান দুটি কষ্টিপাথরের মূর্তিসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ মার্চ) বিকেলে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী। আটক ব্যক্তির নাম রাসেল ইসলাম (৩৩), তিনি বিরল উপজেলার ধনগ্রাম এলাকার মকবুল হোসেনের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল বিরল উপজেলার ধনগ্রাম এলাকায় রাসেলের বাড়িতে হানা দেয়। তল্লাশিকালে তাঁর বসতঘর থেকে ১৫ কেজি ৬২০ গ্রাম ওজনের একটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয় এবং রাসেলকে আটক করা হয়। পরবর্তীতে তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ফরক্কাবাদ এলাকায় আরও একটি মূর্তি লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোররাতেই ফরক্কাবাদ গ্রামে দ্বিতীয় দফায় অভিযান চালায় বিজিবি। সেই অভিযানে ১০ কেজি ৫০ গ্রাম ওজনের আরও একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা সম্ভব হয়। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত দুটি মূর্তির মোট আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা। মূর্তি দুটির ঐতিহাসিক গুরুত্ব ও পুরাতাত্ত্বিক মূল্য যাচাই করার জন্য ইতিমধ্যে জেলা প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিগুলো পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক রাসেলের বিরুদ্ধে বিরল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বিজিবির এমন তৎপরতা সীমান্তে চোরাচালান রোধে এবং জাতীয় ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। SHARES সারা বাংলা বিষয়: