আয়াতুল্লাহ আলি খামেনিকে নিরাপদ স্থানে সরানো হয়েছে

Staff Staff

Reporter

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে রাজধানী তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তেহরানে তার প্রধান কার্যালয় এবং প্রাসাদের কাছাকাছি এলাকায় গতকাল শক্তিশালী বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাওয়ার পর এই গুরুত্বপূর্ণ নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। তেহরানের আকাশে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার পাশাপাশি খামেনির সদরদফতরের কাছের এলাকায় ধোঁয়া ওঠার দৃশ্য দেখে নিরাপত্তা বাহিনী দ্রুত তাঁকে অন্যত্র সরানোর সিদ্ধান্ত নেয়। রয়টার্সের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতির অবনতি ও নিরাপত্তা আশঙ্কার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক চালানো এই নজিরবিহীন হামলার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শারীরিক অবস্থা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, প্রেসিডেন্ট বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন, কোনও সমস্যা হয়নি। এই তথ্য স্থানীয় আরও কিছু গণমাধ্যমেও নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, তারা তেহরানের আকাশে বিস্ফোরণের গভীর শব্দ শুনেছেন। তবে এই বিস্ফোরণের কারণ কি—সরাসরি কোনও ক্ষেপণাস্ত্র হামলার ফল নাকি ইরানের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠার কারণে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এখন পর্যন্ত, তেহরানের দিক থেকে দক্ষিণ ও পশ্চিম অংশে কালো ধোঁয়ার স্তূপ উঁচুতে উঠতে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও এএফপি জানিয়েছে, আঞ্চলিক ও গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো, যেমন আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয় এবং প্রেসিডেন্সিয়াল প্রাসাদ, সেখানে নিরাপত্তা কঠোর করে দেওয়া হয়েছে। সম্ভাব্য বড় ধরনের সংঘাতের আশঙ্কায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং পরিস্থিতি নজরদারিতে রয়েছে।

সূত্র: বিবিসি ও এএফপি