গঙ্গাচড়ায় স্বাস্থ্যসেবা উন্নয়নে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন এমপি রায়হান সিরাজী

Staff Staff

Reporter

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. রায়হান সিরাজী, তিনি আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আমীর মাও. নায়েবুজ্জামান, উপজেলা নায়েবে আমীর মো. তাজ উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাও. সাইফুল ইসলাম, মো. আব্দুল হালিম, আশরাফুল আলম, মুজাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও এই কর্মসূচিতে অংশ নেন উপজেলা পরিবার স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা আলেমুল বাসার ও রেজানুল হাসান। হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকরাও এতে সক্রিয়ভাবে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রায়হান সিরাজী বলেন, একজন হাসপাতাল শুধুমাত্র চিকিৎসা দেওয়ার স্থান নয়, এটি মানুষের আশা ও ভরসার কেন্দ্র। রোগী ও তাদের স্বজনদের জন্য স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা সম্ভব। তিনি সবাইকে স্বাস্থ্যখাতের শৃঙ্খলা ও পরিবেশগত মান বজায় রাখতে একত্রে কাজ করার আহ্বান জানান।

পরে অতিথিরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ, বারান্দা এবং আশপাশের এলাকা পরিদর্শন করেন। তারা বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন ব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিশ্চিতের জন্য খোঁজখবর নেন এবং সরাসরি অংশ নেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে। স্বেচ্ছাসেবকরাও হাসপাতালের চত্বর পরিষ্কার করেন, আবর্জনা সরিয়ে দেন এবং রোগী- স্বজনদের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করেন।

এই কর্মসূচিতে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষিত ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে চালানো হবে।