নওগাঁয় চার পাওয়ার টিলার সহ দুই চোর চক্রের সদস্য গ্রেপ্তার

Staff Staff

Reporter

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক্টর ও পাওয়ার টিলার চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চারটি পাওয়ার টিলার উদ্ধার ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন- দাড়ীক্ষেত্র গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৫) এবং মহাদেবপুর উপজেলার লালবাড়ি গ্রামের মৃত আবুল বক্কর সিদ্দিকের ছেলে মিলন হোসেন (৫০)।

জানা যায়- ইরি-বোরো মৌসুমের শুরু থেকেই মান্দা এলাকার বিভিন্ন জায়গায় ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির ঘটনা বেড়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নির্দেশ দেন, এবং মান্দা থানার ওসি নেতৃত্বে একটি সক্রিয় অভিযান পরিচালিত হয়। পুলিশ প্রযুক্তির ব্যবহার ও গোপন সূত্রের ভিত্তিতে গত মঙ্গলবার দিনব্যাপী এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রথমে সন্দেহভাজন হিসেবে ফারুক হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহাদেবপুরের শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মিলন হোসেনকে আটক করে এবং তার কাছ থেকে চারটি পাওয়ার টিলার উদ্ধার করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদে তারা আরও কয়েকটি ট্রাক্টর চুরির স্বীকারোক্তি দেয়। এ সময় তাদের ব্যবহৃত একটি ছোট পিকআপ গাড়িও জব্দ করা হয়।

অভিযোগকারী রহিদুল ইসলাম ও জয়নুল ইসলাম বিশ্বাস এই সফলতা দেখে খুবই খুশি এবং পুলিশকে ধন্যবাদ জানান। স্থানীয় গ্রামবাসীরাও এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা বলে, এই উদ্ধার ও চোর চক্রের দুই সদস্যের আটক পরিবেশে স্বস্তি ফিরিয়েছে। পারিবারিকভাবে মান্দা এলাকায় কৃষি কাজে ব্যবহৃত এই চারটি পাওয়ার টিলার উদ্ধার হওয়ায় এবং চোর চক্রের বৃহৎ পরিকল্পনা ধ্বংস হওয়ায় তারা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা জুড়ে অপরাধ দমন ও আইনি সুবিচার প্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার। তিনি জনসাধারণের সহযোগিতা ও তথ্য দেওয়ার আহ্বান জানান, যাতে এ ধরনের অপরাধ দ্রুত রোধ করা যায়। এই অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।