বিজয় ও পরাজয় গণতন্ত্রের অপরিহার্য অংশ: প্রধান উপদেষ্টা

Staff Staff

Reporter

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের দুদিন আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের পর সবাই মিলে এক নতুন, ন্যায্যভিত্তিক, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের কাজে নিজেকে নিবেদিত করতে হবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটের মহতী উদ্যোগে জাতির উদ্দেশে এই ভাষণে তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, ভয়কে পেছনে ঠেলে দিয়ে সাহসের সাথে সকলকে ভোটকেন্দ্রে যেতে হবে। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নীরবতার উত্তর দেবে, দমন-পীড়ন ও ফ্যাসিবাদী শাসনের জবাব দেবে, ভবিষ্যতের জন্য একটি সুস্থ, স্বচ্ছ ও প্রগতিশীল বাংলাদেশের ভিত্তি রচনা করবে। এটি প্রমাণ করবে- এই দেশ তার তরুণ, নারী ও সংগ্রামরত জনতার কণ্ঠের মূল্য দিচ্ছে, আর কোনোদিন তাদের স্বপ্ন ও ভাষাকে হারাতে দেবে না।

তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই লক্ষ্য করছি—একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হলো—নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা, সাধারণ জনগণের আস্থা ক্ষুণ্ণ করা।

ভাষণে তিনি আশ্বস্ত করে বলেন, আমি আপনাদের অনুরোধ করবো—সতর্ক থাকুন, দায়িত্বশীল হন। যাচাই না করে কোনো তথ্য শেয়ার করবেন না। গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা ও সত্য। যারা গত মাসগুলিতে নির্বাচনের শঙ্কা ও বিভ্রান্তি সৃষ্টি করতে চেয়েছিল, তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। জনগণকে বিভ্রান্ত করতে তারা ব্যর্থ হয়েছে। আপনারা সকল প্রকার অপপ্রচার থেকে নিজেকে রক্ষা করুন এবং তথ্যের সত্যতা নিশ্চিত করতে সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন। নির্বাচন সংক্রান্ত তথ্য জানার জন্য ডায়াল করুন—৩৩৩-নম্বরের নির্বাচনবন্ধু হটলাইন।

এছাড়া, বর্তমানে অপপ্রচার চালানো হচ্ছে যে, অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার, যার একমাত্র লক্ষ্য আমাদের গণতান্ত্রিক অগ্রগতি হুমকির মুখে ফেলা। সত্যতা নিশ্চিত করে জানানো হচ্ছে—নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিরা দ্রুতই ক্ষমতা হস্তান্তর করে সরকারের দায়িত্বসমাপ্ত করবে। আপনি নিশ্চিন্ত থাকুন এবং সকল অপপ্রচারের থেকে নিজেকে মুক্ত রাখুন।