কোম্পানীগঞ্জে কুখ্যাত ‘ডাকাত মাইস্যা’ গ্রেপ্তার Staff Staff Reporter প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি রফিকুল ইসলাম মাসুদ ওরফে ডাকাত মাইস্যাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার। এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রংমালা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। গ্রেপ্তার মাইস্যা উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত জামাল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে উপজেলার রংমালা বাজারে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে খুন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজিসহ ১৯ মামলার আসামি মাইস্যা ডাকাতকে গ্রেপ্তার করা হয়। ডাকাত মাইস্যা কোম্পানীগঞ্জ থানার একাধিক ডাকাতির মামলার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার আরও বলেন, গ্রেপ্তার আসামি ১৯ মামলার আসামি। তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। এছাড়া একটি মামলায় অপর আসামির ১৬৪ ধারার জবানবন্দিতেও তার সম্পৃক্ততার কথা উঠে এসেছে। SHARES সারা বাংলা বিষয়: