এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ Staff Staff Reporter প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬ ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কমিটির আত্মপ্রকাশ ও ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয়। এতে ঢাকা জেলা উত্তরের কমিটির একটি অংশের নেতা-সমর্থকদের সঙ্গে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই ধামরাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঢাকা জেলা উত্তরের কমিটির নেতা-কর্মীদের অভিযোগ, কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে হামলা চালিয়েছে। হামলাকারীরা জুলাইকে পুঁজি করে ব্যবসা করে আসছিলেন, কমিটিতে পদ না পেয়ে তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। এনিসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেন, ‘কমিটি আত্মপ্রকাশের কারণে অনেকের জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে সেই ক্ষোভ থেকে তারা এই ঘটনা ঘটিয়েছে। জুলাই ব্যবসায়ীদের এনসিপি কোনোভাবেই সমর্থন করে না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আজকে (শুক্রবার) সাধারণ মানুষের ওপর এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে জুলাই শহীদদের পরিবারের ওপর, তাদের এনসিপি কোনোভাবেই সমর্থন করে না।’ এ ছাড়া এ ঘটনায় নবগঠিত কমিটির ১০ জন আহত হয়েছে বলে জানান তিনি। অপরপক্ষ ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের অভিযোগ, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা জেলা উত্তরের কমিটির হোয়াটঅ্যাপ গ্রুপের মাধ্যমে ধামরাইয়ের কালামপুরে ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন করা হবে বলে জানতে পারেন ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীরা। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর থেকে উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় কার্যালয় থাকা সত্ত্বেও নতুন কার্যালয় উদ্বোধনের উদ্যোগ নেওয়ায় ক্ষিপ্ত হন উপজেলা কমিটির নেতা-কর্মীরা। বিকেল ৪টার দিকে কালামপুরের এনসিপি ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত এনিসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদের সঙ্গে এ বিষয়ে জানতে চাইতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন বলেন, ‘চলতি মাসের শুরুর দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কমিটি গঠন করা হয়। তবে কমিটি গঠনের সময় এনিসিপির সাভার উপজেলা, আশুলিয়া থানা ও ধামরাই উপজেলা শাখার শীর্ষ নেতাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ঢাকা জেলা উত্তরের কমিটি গঠন করা হয়। এতে ওই সময়েই ক্ষিপ্ত হন এ তিন শাখার নেতা-কর্মীদের অনেকে। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ধামরাইয়ের কালামপুরে ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন করা হবে বলে জানতে পারেন ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীরা। প্রায় ১৬ মাস ধরে ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় কার্যালয় থাকা সত্ত্বেও নতুন কার্যালয় কেন করা হচ্ছে সেটি জানতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমিসহ ৯ জন আহত হয়েছেন।’ ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘এনসিপি ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে সে অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ SHARES রাজনীতি বিষয়: