ভোলায় অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক Staff Staff Reporter প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬ ভোলায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম রাতে গনমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল অভিযান পরিচালনা করে। এসময় ভোলা সদর থানাধীন খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত ৭ এপ্রিল দিনাজপুর জেলার বিরামপুর সীমান্ত দিয়ে মাদক পাচারকারী চক্রের এক সদস্যের সহযোগিতায় আত্মগোপনের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। আটক ব্যক্তির নাম আব্দুল মমিন (৩২)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বসার আলী। পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। SHARES সারা বাংলা বিষয়: