এসএমই ফাউন্ডেশনের জাইকার অর্থায়নে কৃষিভিত্তিক শিল্পে ১২৫ কোটি টাকার ঋণ সুবিধা

Staff Staff

Reporter

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৬

দেশের কৃষি ভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের ছোট, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে উৎসাহিত করতে এসএমই ফাউন্ডেশন ১২৫ কোটি টাকার ঋণ সহায়তা প্রদান করতে যাচ্ছে। এই উদ্যোগ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সহযোগিতায় বাস্তবায়িত হবে, যেখানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) কার্যালয়ে এই বিষয়ের ওপর এক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি বিআইএফএফএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে ফুড ভ্যালু চেইন উন্নয়নে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে তহবিল সরবরাহ করা হবে।

উদ্যোক্তাদের জন্য এ অর্থায়নে খাদ্য ভ্যালু চেইনের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা জোরদারকরণ এবং তাদের দক্ষতা বৃদ্ধি লক্ষ্য করা হয়েছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এই কর্মসূচিতে অগ্রাধিকার দেয়া হবে। প্রকল্পের মধ্যে ফল, শাকসবজি ও মসলা প্রক্রিয়াজাতকরণ, চাল-ডাল, ভোজ্য তেল উৎপাদন, বীজ প্রক্রিয়াকরণ, জৈব সার ও বায়োপেস্টিসাইড উৎপাদন সহ সংশ্লিষ্ট হোলসেল, লজিস্টিকস ও খুচরা খাত অন্তর্ভুক্ত থাকবে।

মূলধনী বিনিয়োগের জন্য যন্ত্রপাতি কেনা, কারখানা উন্নয়ন, গুদাম নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নেও অর্থায়ন করা হবে। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ সেবা প্রদান করা হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইএসও, এইচএসিসিপি ও হালাল সার্টিফিকেশন অর্জনে সহায়তা দেয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপম্য ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন ও মো. আব্দুর সালাম সরদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই প্রকল্পের মাধ্যমে দেশের খাদ্য ভ্যালু চেইন শক্তিশালী হবে, রপ্তানি সম্ভাবনা বাড়বে, আমদানি নির্ভরতা কমবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা যায়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ১৮ লাখ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৯৯ শতাংশই সিএমএসএমই খাতের। এই খাতে মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ, যেখানে ৩ কোটির বেশি মানুষ কাজ করছেন।

২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রায় ২০ লাখ উদ্যোক্তাকে সহায়তা প্রদান করেছে, যার মধ্যে নারীর সংখ্যা প্রায় ৬০ শতাংশ। সংস্থাটি জাতীয় শিল্পনীতি, এসএমই নীতিমালা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।