তন্ত্র-মন্ত্রের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা শিগগির প্রকাশ করা হবে

Staff Staff

Reporter

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৬

মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান জানান, জালিয়াতি বা তন্ত্র-মন্ত্রের মাধ্যমে যারা মুক্তিযোদ্ধার তালিকায় নাম ঢোকিয়েছেন এবং অবৈধ সুবিধা গ্রহণ করেছেন, তাঁদের দ্রুত চিহ্নিত করে জাতির সামনে উন্মোচন করা হবে। তিনি আরও জানান, বিগত সরকারের সময়ে বাদ পড়া ও হয়রানির শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার ৩১ মার্চ জাতীয় সংসদ অধিবেশনে, সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবেদীন ও বিরোধীদলীয় গাজী নজরুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

আহমেদ আজম খান বলেন, আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এই ধরনের অমুক্তিযোদ্ধা, যারা বিভিন্ন অপকৌশলে মুক্তিযোদ্ধার তালিকায় নিজের নাম লিখিয়েছেন, তাঁদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং নিজেরাও অবৈধভাবে সুবিধা নিচ্ছেন, তাদের চিহ্নিত করে পরিচয় প্রকাশ করতে পারব। তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুতই একটি বিস্তারিত পরিসংখ্যান প্রস্তুত করছে।

তিনি আরও বলেন, শিগগিরই এই ভুয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যা ও বিবরণী প্রকাশ করা হবে, যাতে জাতি সব জানার সুযোগ পায়। প্রাক্তন সরকারের আমলে ঘটে যাওয়া অনিয়মের কথা স্বীকার করে মন্ত্রী এ বিষয়েও বিভিন্ন অভিযোগ এসে পৌঁছানোর বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ এবং সনদ স্থগিত করা হয়েছে, যার ফলে অনেকেরা হয়রানির শিকার হয়েছে।

আহমেদ আজম খান পরিস্থিতি লক্ষ্য করে বলেন, কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে অনেক অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার তালিকায় ঢুকে ভাতা ও অন্যান্য সুবিধা নিচ্ছেন, যা সম্পূর্ণ অবৈধ। তিনি সংসদ সদস্যদের আশ্বাস দেন যে, এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সঠিক পরিসংখ্যান ও তথ্য প্রকাশ করা হবে, যাতে জাতি সবকিছু স্পষ্টভাবে জানতে পারে।