ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Staff Staff

Reporter

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৬

আজ সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন একান্ত সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকারে উভয় পক্ষ ক্রীড়া, সাংস্কৃতিক বিনিময় ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী মো. আমিনুল হক চীনকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলাকে খুবই গুরুত্ব দেন। তিনি সব ধরনের খেলা—ক্রিকেট, ফুটবলসহ—সহ সমানভাবে মূল্যায়ন করেন। সম্প্রতি খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড পরিকল্পনার উদ্বোধন করা হয়েছে, যা দেশের ক্রীড়া পরিস্থিতিকে আরও উন্নত করবে।

তিনি আরও উল্লেখ করেন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে। ভলিবল, আর্চারি, ব্যাডমিন্টন ও শুটিংসহ নানা ক্রীড়া ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ থাকছে। কোচিং ও প্রশিক্ষণ নিয়ে চীনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির জন্য তিনি আগ্রহ প্রকাশ করেন।

এ সময় আমিনুল হক চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলার আমন্ত্রণ জানান, যা দেশের ফুটবল উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশের স্পোর্টস ইনস্টিটিউট ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও বিনিয়োগের জন্য চীনের আগ্রহ রয়েছে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশে ফুটবল ও অন্যান্য ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে আগ্রহী। তিনি ফুটবল দলের সঙ্গে ফ্রেন্ডশিপ ম্যাচের বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত বলে জানান এবং বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের সম্ভাবনাও দেখছেন।

উভয় পক্ষ এই আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ে একে অন্যের সঙ্গে আরও কাছাকাছি আসার প্রত্যাশা ব্যক্ত করেন।