স্বাধীনতার ৫৫ বছর পর আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল Staff Staff Reporter প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতার ৫৫ বছর পর আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা সেই দিন আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি করেছে, পাকিস্তান বাহিনীকে সহযোগিতা দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে। আমাদের মূল লক্ষ্য হয়ে উঠছে এই অপশক্তিকে পরাভুত করে স্বাধীনতার মূল শক্তিকে আরও শক্তিশালী করা। এই পথেই আমাদের সাফল্য নিহিত।’ গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রগতির আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা সবাই খুব আশাবাদী। আমাদের নেতা তারেক রহমানের জন্য আমরা গভীরভাবে আশাবাদী। তিনি যখন এসেছেন, মানুষের মধ্যে নতুন আলোর সৃষ্টি করেছেন, আশা জুগিয়েছে। দেশে ফিরে তিনি বললেন—‘আই হ্যাভ এ প্ল্যান’—আমাদের কাছে পরিকল্পনা রয়েছে দেশের উন্নয়নের জন্য।’ তিনি আরও বলেন, ‘আমাদের নেতা প্রতিশোধের কথা বলতেন না, হিংসার রাজনীতির পথে হাঁটেননি। বরং বলেছিলেন—‘আই হ্যাভ এ প্ল্যান’—আমরা একটি সুন্দর পরিকল্পনা নিয়ে এসেছি দেশের উন্নয়নের জন্য। মির্জা ফখরুল উল্লেখ করেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্য যে মহৎ কর্মযজ্ঞ শুরু করেছিলেন, তিনি দায়িত্ব নেওয়ার তিন বছরের মধ্যেই একটি সম্ভাবনাময় বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তারই যোগ্য সন্তান, বর্তমান নেতা তারেক রহমান আজ সেই পথচলায় আমাদের নেতৃত্ব দিচ্ছেন।’ সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, সকল অপশক্তি পরাজিত করে আমরা আমাদের নেতা তারেক রহমানের হাত শক্তিশালী করি। একসঙ্গে একত্র হয়ে এগিয়ে যাই। অতীতের ব্যর্থতা ভুলে গিয়ে আমাদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ি, যেন আমাদের সন্তানরা গর্বের সঙ্গে এগিয়ে যেতে পারে। বাংলাদেশ যেন মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।’ তিনি আরো বলেন, ‘আমরা দীর্ঘ ১৮ বছর বহু নির্যাতন সহ্য করেছি, আমাদের জীবন বিপর্যস্ত করে তোলা হয়েছে। ৬০ লাখ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০ হাজার তরুণ নেতাকর্মীর হত্যাকাণ্ড, ইলিয়াস আলীসহ তিনজন নেতার গুম, অসংখ্য নেতাকর্মীর নিগ্রহ—এসবের মধ্যেও আমরা কখনো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে লক্ষ্য করে মাথা নত করিনি। লড়াই চালিয়ে গেছি সাহসের সঙ্গে।’ SHARES রাজনীতি বিষয়: