মার্কিন সৈন্যদের পারস্য উপসাগরে হাঙরের খাদ্যে পরিণত করা হবে: ইরান Staff Staff Reporter প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৬ ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র এনরাহিম জোলফাকারি যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলেছেন, দেশটির বিরুদ্ধে কোনো স্থল অভিযান বা ভূখণ্ড দখলের চেষ্টা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে মার্কিন সেনারা পারস্য উপসাগরে হাঙরের খাবারে পরিণত হতে পারে। রোববার দেওয়া এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। তার ভাষায়, এমন আক্রমণ মার্কিন বাহিনীর জন্য কঠোর ও অপমানজনক পরিণতি বয়ে আনবে। ডনাল্ড ট্রাম্প-এর বারবার ইরানে স্থল অভিযান এবং পারস্য উপসাগরের দ্বীপ দখলের হুমকিকে অবাস্তব হিসেবে তুলে ধরেন তিনি। তার দাবি, এসব পরিকল্পনা বাইরের চাপের প্রভাবে নেওয়া হয়েছে, যা মার্কিন নেতৃত্বের অবস্থানকে অসঙ্গত ও অবিশ্বাসযোগ্য করে তুলছে। জোলফাকারি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এমন এক সামরিক নেতৃত্বের ওপর নির্ভর করছে যার সিদ্ধান্ত মার্কিন বাহিনীকে ঝুঁকির মুখে ফেলছে। তার মতে, অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনারা প্রতিনিয়ত গুরুতর হুমকির মধ্যে রয়েছে। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ধ্বংসপ্রাপ্ত ঘাঁটি ছেড়ে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় আশ্রয় নিয়েছে, তবে সেখানেও তারা নিরাপদ নয় এবং হামলার ঝুঁকি থেকেই যাচ্ছে। সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে তিনি বলেন, ইরানি বাহিনী দীর্ঘদিন ধরে প্রস্তুত রয়েছে এবং যেকোনো হামলার জবাব দিতে অপেক্ষা করছে। তার সতর্কবার্তা অনুযায়ী, আগ্রাসন ঘটলে আক্রমণকারী বাহিনী ধ্বংস, আটক বা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। শেষে তিনি যুক্তরাষ্ট্রের নেতাদের ইরানের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান এবং ভুল সিদ্ধান্ত বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে বলে সতর্ক করেন। তার মতে, ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং যেকোনো বাস্তব আগ্রাসনের জবাব দৃঢ়ভাবে দেওয়া হবে। SHARES আন্তর্জাতিক বিষয়: