বিদ্যুৎ সাশ্রয়ে দোকান ও বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধের সিদ্ধান্ত Staff Staff Reporter প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৬ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের দোকান ও বিপণিবিতানগুলোতে আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে কয়েকটি নির্দেশনা নির্ধারণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিদ্যুৎ বিভাগে অনুষ্ঠিত ‘বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়’ বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সভায় ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা বিদ্যুৎ সাশ্রয়ে কয়েকটি পদক্ষেপ বাস্তবায়নে সম্মতি জানান। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব বিপণিবিতান ও ব্যবসায়িক স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। একই সঙ্গে শপিং মল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া কোনো দোকান বা প্রতিষ্ঠান বন্ধ করার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ডের আলো নিভিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের উদ্যোগকে সমর্থন জানিয়ে তারা এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবেন। বৈঠকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে ছিল বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা। SHARES অর্থনীতি বিষয়: