কাবুল ও আফগান সীমান্তে ফের পাকিস্তানের বিমান হামলা Staff Staff Reporter প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬ আফগানিস্তানের সীমান্ত প্রদেশ ও রাজধানী কাবুলে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত নতুন করে হামলা চালিয়েছে পাকিস্তান। কাবুল পুলিশের মুখপাত্র খালিল জারদান জানিয়েছেন, বোমা হামলায় চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। কাবুল পুলিশের মুখপাত্র খলিল জারদান জানান, বোমা হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, তাদের বাহিনী মূলত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়েছে। এদিকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যমে জানান, কান্দাহারের দক্ষিণ, পাকতিয়া এবং পাকতিকা অঞ্চলে পাকিস্তান আক্রমণ চালিয়েছে। অপর একটি পোস্টে জাবিউল্লাহ জানান, পাকিস্তানের বিমান বাহিনী কান্দাহার বিমানবন্দরে একটি বেসরকারি বিমান পরিষেবা কাম এয়ারের জ্বালানি ডিপোতেও হামলা করেছে। পাকিস্তান দাবি করেছে, তাদের অভিযানে কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি। তবে দুই পক্ষের দেওয়া হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন বলে জানিয়েছে পর্যবেক্ষকরা। জাতিসংঘের আফগানিস্তান মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত পাকিস্তানের সামরিক অভিযানে আফগানিস্তানে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৪ জন শিশু। অন্যদিকে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, চলমান সংঘাতের কারণে প্রায় এক লাখ ১৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। কিছুদিন ধরে এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে- এমন অভিযোগে গত ২৭ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। এরপর থেকে সীমান্ত অঞ্চলে সংঘর্ষের মাত্রা ক্রমেই বাড়ছে। সূত্র: এএফপি SHARES আন্তর্জাতিক বিষয়: