ঈদে ইত্যাদিতে একঝাঁক জনপ্রিয় তারকা নিয়ে চার মিউজিক্যাল ড্রামা Staff Staff Reporter প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬ ঈদ আনন্দকে বহুগুণে বাড়াতে বরাবরের মতো এবারও হাজির হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি। অনুষ্ঠানটি বিনোদনের পাশাপাশি সমাজের গুরুত্বপূর্ণ বার্তা তুলে দেয়। পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত এবারও দর্শকদের জন্য তৈরি করেছেন চারটি ব্যতিক্রমী মিউজিক্যাল ড্রামা, যেখানে অভিনয় করেছেন একঝাঁক জনপ্রিয় তারকা। প্রতি ঈদে নতুন বিষয়ভিত্তিক এই ড্রামাগুলোই ইত্যাদিকে বিশেষ করে তোলে। এবারের প্রথম তিনটি ড্রামায় উঠে এসেছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নানান সমস্যা। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আহমেদ। বিশ্বাস ভঙ্গ ও প্রতারিত হওয়ার সমস্যা নিয়েও একটি ড্রামা তৈরি হয়েছে। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, এবং বিক্রেতার চরিত্রে ইকবাল হোসেন ও শাওন মজুমদার। মিউজিক্যাল ড্রামাগুলোতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ। এছাড়া বিদেশি নাগরিকদের অংশগ্রহণ, তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমির নাচসহ ইত্যাদি’র চিরচেনা সব বৈচিত্র্যময় আয়োজন তো থাকছেই। ইত্যাদি ঈদ স্পেশাল দর্শকদের আনন্দকে দ্বিগুণ করবে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। SHARES বিনোদন বিষয়: