ইরান ইস্যুতে স্টারমারের সঙ্গে এরদোগানের ফোনালাপ Staff Staff Reporter প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরানের ওপর হামলা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শনিবার (৭ মার্চ) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। তুর্কি প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলের হামলার পর সৃষ্ট পরিস্থিতি তুরস্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আলাপচারিতায় এরদোগান বলেন, যদি এই সামরিক পদক্ষেপ দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তবে তা শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং বৈশ্বিক পর্যায়েও গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, চলমান সংকট মোকাবিলায় সামরিক পদক্ষেপের পরিবর্তে সংলাপই হতে পারে কার্যকর পথ। এরদোয়ানের মতে, এখনও একটি সংলাপের প্ল্যাটফর্ম তৈরি করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর সুযোগ রয়েছে। তুরস্ক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন। ফোনালাপে দুই নেতা তুরস্ক ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সূত্র: আনাদোলু এজেন্সি। SHARES আন্তর্জাতিক বিষয়: