হরমুজ প্রণালি বন্ধে পচনশীল খাদ্য ও জীবিত পশুবাহী কনটেইনার আটকে পড়েছে সমুদ্রে

Staff Staff

Reporter

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে পণ্য

পরিবহন ব্যাহত হয়েছে। গুরুত্বপূর্ণ ট্রেড রুটে জাহাজ আটকে থাকায় সরবরাহ চেইনে বড়

ধরনের সমস্যা তৈরি হয়েছে।

শত শত পণ্যবাহী জাহাজ সাগরে আটকা পড়েছে। এর মধ্যে পচনশীল খাদ্য ও জীবিত পশুবাহী

কনটেইনারগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এফটির তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি পার হওয়ার

অপেক্ষায় থাকা ৪২৫টি কনটেইনার জাহাজের মধ্যে অন্তত ৯০টি পারস্য উপসাগরে আটকা আছে।

এছাড়া ১০০টিরও বেশি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার আটকে যাওয়ায় বিভিন্ন অঞ্চলে

জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

ড্রোন হামলার ঝুঁকির কারণে উপসাগরীয় বন্দরগুলোতে মালামাল খালাস করা বর্তমানে

অসম্ভব। হিমায়িত খাদ্য ও গবাদিপশুবাহী জাহাজগুলো সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন।

দুবাইয়ের জেবেল আলী ও ওমানের সালালাহ বন্দরের কার্যক্রম স্থগিত হওয়ায় এশিয়ার

দূরবর্তী বন্দরগুলোতেও জট সৃষ্টি হয়েছে।

এসঅ্যান্ডপি গ্লোবালের বিশ্লেষণ অনুযায়ী, চারটি জাহাজে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য

হালাল মাংস পরিবহনের উদ্দেশ্যে জীবিত গবাদিপশু আছে। শিপিং জায়ান্ট মায়ের্স্কের চিফ

প্রডাক্ট অফিসার জোহান সিগসগার্ড জানান, শেলফ লাইফ কম হওয়ায় হিমায়িত পণ্য নিয়ে

সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। বর্তমানে লাতিন আমেরিকা থেকে আসা এসব পণ্যের জন্য বিকল্প

স্টোরেজ খোঁজা হচ্ছে।

উপসাগরীয় বন্দরগুলো অকার্যকর হওয়ায় চাপ পড়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়ার তানজুং

পেলেপাস, শ্রীলঙ্কার কলম্বো এবং উত্তর আফ্রিকার তানজিয়ার ও আলজেসিরাস বন্দরে।

সিঙ্গাপুরে জাহাজ ভেড়ানোর জন্য অপেক্ষার সময় ২ দশমিক ৯ দিন থেকে বেড়ে ৬ দশমিক ৫

দিনে পৌঁছেছে। হ্যাপাগ-লয়েডের প্রধান নির্বাহী রলফ হাববেন জ্যানসেন জানিয়েছেন, তারা

বিকল্প বন্দরের জন্য ব্যবস্থা করছে।

বিশ্বের বৃহত্তম শিপিং কোম্পানি এমএসসি ১৯ শতকের একটি সামুদ্রিক আইন প্রয়োগ করে

জানিয়েছে, কনটেইনারগুলো নিকটস্থ সুবিধাজনক বন্দরে নামিয়ে দেয়া হবে। গ্রাহকদের নিজ

খরচে সেখান থেকে পণ্য সংগ্রহ করতে হবে এবং প্রতি কনটেইনারে অতিরিক্ত ৮০০ ডলার

‘ডেভিয়েশন কস্ট’ দিতে হবে।

স্থবির আকাশপথ ও সড়কপথের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের মোট এয়ার কার্গোর ১৩ শতাংশ

স্থবির। অনেক বিমান অবতরণ করতে পারছে না। ডিএইচএল শত শত ট্রাক ব্যবহার করে সড়কপথে

পণ্য পরিবহনের চেষ্টা করছে। লজিস্টিক বিশেষজ্ঞরা বলছেন, এক সপ্তাহের অচলাবস্থা

কাটিয়ে উঠতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে।

শিপিং বিশ্লেষকেরা বলছেন, ইস্তানবুল হাব সচল থাকায় তুর্কি এয়ারলাইনস ব্যবসায়িক

সুবিধা পেতে পারে। তবে সামগ্রিকভাবে বৈশ্বিক পণ্য পরিবহন খরচ ও জ্বালানি ব্যয় অনেক

বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।