রিয়াদের উদ্যোগে পাকিস্তান-আফগান উত্তেজনা কমাতে ফোনালাপ Staff Staff Reporter প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, তারা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং উত্তেজনা কমানোর উপায় খুঁজে বেরানোর জন্য একত্রে কাজ করতে সম্মত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্ত্রণালয়ের সরকারি অ্যাকাউন্ট থেকে এই বক্তব্য প্রকাশিত হয়। উল্লেখ্য, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বর্তমানে সৌদি আরবে সরকারি সফরে আছেন। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, পাকিস্তানি বাহিনী আফগান তালেবানের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২৭টি সামরিক পোস্ট ধ্বংস এবং নয়টি দখল করে নিয়েছে। এর পাশাপাশি, তারা উল্লেখ করেছেন যে, এই অভিযানে তালেবানের ৮০টির বেশি ট্যাংক, কামান ও অস্ত্রবাহী সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। অন্যদিকে, আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, গত বুধবার ডোরান্ড লাইন বরাবর পাকিস্তানি সেনা অবস্থানে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। তারা বলেছে, এই হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।