আবদুল আউয়াল মিন্টু মন্ত্রী হওয়ায় ফেনীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Staff Staff

Reporter

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬

একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা বাদ দিলে, গত ৩৬ বছরে কোনো মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেননি ফেনী জেলার কেউ। তবে এবার সেই খরা কাটল। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত মন্ত্রীদের শপথ গ্রহণের অনুষ্ঠানে ফেনী-৩ (সোনাগাজী, দাগনভূঞা) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মিন্টু মন্ত্রী হওয়ার খবর শুনে তার নির্বাচনী এলাকা ফেনীতে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়ে। নানা স্থানে মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল বের হয়। দলীয় নেতা-কর্মীরা স্লোগান দিতে দিতে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ফেনী-৩ আসনের এই নতুন মন্ত্রী হওয়ার খবর শুনে তার জন্মস্থান দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যায়। দাগনভূঞা উপজেলা সদর, বেকের বাজার ও সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ হয়। নেতা-কর্মীরা এ ঘটনায় নিজেদের খুশি প্রকাশ করেন এবং মিন্টুর এই সাফল্যকে এলাকার জন্য বড় একটি অর্জন হিসেবে অভিহীত করেন।

ফেনী-৩ আসনের বিএনপি, ছাত্রদল ও যুবদল নেতারা বলেন, ‘আবদুল আউয়াল মিন্টু একজন অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তি। তাকে মন্ত্রী হিসেবে মনোনীত করা আমাদের জন্য গর্বের বিষয়। তার বলিষ্ঠ নেতৃত্বে দাগনভূঞা, সোনাগাজীসহ দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তারা বিশ্বাস করেন।’

সূত্রের খবর, আবদুল আউয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। ৩ তম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে তিনি ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট।