আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির বিশাল বিজয়ের খবর

Staff Staff

Reporter

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তাদের জোট। এর ফলে দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১৩টি আসনে জয় লাভ করেছে এবং এই অসাধারণ বিজয়টি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচারিত হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু করে তাদের ‘লাইভ নিউজ’ প্রতিবেদনে শিরোনাম করায় ‘২১১ আসনে জয়, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বিএনপি ও জোটের’। তারা জানায়, বিএনপি এবং তাদের মিত্ররা দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর জোট পেয়েছে ৭০টি আসন এবং অন্যান্য দলগুলো পায় ৬টি। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এই বিজয়কে ২০০১ সালের ১৯৩ আসনের রেকর্ড ছাড়িয়ে যাওয়াকে অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেছে।

বিবিসি (ব্রিটিশ বার্তা সংস্থা) জানায়, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের পর এই প্রথম নির্বাচনে এত বড় জয়ের পর বিএনপি আনন্দ মিছিল বা সমাবেশের পরিবর্তে দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে। দলের পক্ষ থেকে জানানো হয় যে, শুক্রবার জুমার নামাজের পরে বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বিএনপির দীর্ঘদিনের নেত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে মারা যান। এছাড়া পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বিশ্লেষণ করে বলেছে, ‘জেন-জির’ নেতৃত্বাধীন আন্দোলনের পর এই নির্বাচন দুর্বার বিজয় দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই বিজয়কে ‘ঐতিহাসিক প্রত্যাবর্তন’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পথে। তারা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানিয়েছে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত, বিএনপি ১৫০ এর বেশি আসনে জয় লাভ করে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হতে যাচ্ছে। ইতোমধ্যে দলের নেতারা দাবি করেছে, অধিকাংশ আসনে জয়ী হওয়ায় তারা সরকার গঠন করতে যাচ্ছে। বিশ্ব গণমাধ্যমগুলো বাংলাদেশের এই রাজনৈতিক পরিবর্তনকে নতুন একটি যুগের সূচনা হিসেবে দেখছে।