পাঁচ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ধাপে ধাপে ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা Staff Staff Reporter প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। উপদেষ্টা উল্লেখ করেন, ক্ষতিপূরণের প্রক্রিয়া বা মডেল এখনো প্রণয়নের পর্যায়ে রয়েছে এবং কিছু সময়ের মধ্যে হিসাব-নিকাশ সম্পন্ন করে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি বলেছি, এখন আমরা এটা কনসিডার করব।’ এখনও পর্যন্ত সরকার আমানতকারীদের অর্থ সুরক্ষিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি, তবে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি কারিগরিভাবে বেশ জটিল। ব্যাংকগুলোর নেট অ্যাসেট ভ্যালু নেতিবাচক হওয়ার কারণে শেয়ারহোল্ডারদের দায়ভার নিয়ে প্রশ্ন উঠলেও, তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা দেখব কি করা যায়।’ ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, ক্ষতিপূরণের প্রক্রিয়া নিয়ে কাজ চলমান রয়েছে ও এটি পরবর্তী অর্থমন্ত্রীর দায়িত্বে থাকবে। ব্যাংকের অবস্থান খুব খারাপ হওয়ার পুরো দায়ভার শেয়ারহোল্ডারদের ওপর চাপিয়ে দেওয়া অযৌক্তিক বলে মনে করেন তিনি। সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ারের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এমন প্রশ্নে তিনি বলছেন, ‘কি ভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে তার মডেল তৈরি করতে কিছুটা সময় লাগবে। কেউ কেউ অনেক টাকা শেয়ার কিনেছেন, তাদের আংশিক শেয়ার বা ক্ষতিপূরণের মাধ্যমে সমাধান হতে পারে। হিসাব করে দেখতে হবে, কারণ পুরো বোঝা শেয়ারহোল্ডাররা নিতে পারবে না।’ ব্যাংকিং খাতের সামগ্রিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এককালীন সিদ্ধান্তে সংকট সমাধান সম্ভব নয়। বরং কাঠামোগত দুর্বলতা দূর করতে ধারাবাহিক সংস্কার আর নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বৃদ্ধি জরুরি। তিনি আরও জানান, বন্ড মার্কেট ও শেয়ারবাজারকে শক্তিশালী করতে না পারলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা কঠিন। বর্তমান সরকারের উদ্যোগগুলো যদি পরবর্তী সরকার যথাযথভাবে এগিয়ে নেয়, তবে ব্যাংক খাতসহ পুরো অর্থনীতিতেই স্থিতিশীলতা ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। SHARES অর্থনীতি বিষয়: