সারিয়াকান্দিতে জলবদ্ধ সড়ক নির্মাণে জনদুর্ভোগ থেকে মুক্তি Staff Staff Reporter প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬ বগুড়ার সারিয়াকান্দির ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা পূর্বপাড়া মরহুম পাচু প্রামাণিকের বাড়িগামী সড়কটি পাকা হওয়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা এবং চলাচলজনিত দুর্ভোগ থেকে অবশেষে এলাকাবাসী মুক্তি পেয়েছেন। বর্ষা মৌসুমের সময় এটি পানিতে তলিয়ে যেত, ফলে স্কুলগামী শিক্ষার্থী, রোগী বহনকারী যানবাহন এবং কৃষিপণ্য পরিবহনে তারা চরম বিপাকে পড়তেন। এই পরিস্থিতি স্বাভাবিক চলাচল ব্যাহত করত এবং অনেক সময় হাঁটুসমান পানির মধ্যে ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো স্থানীয়দের। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও স্থানীয় কর্তৃপক্ষের উদ্যোগে এই দুর্দশা দূর করার জন্য অবশেষে সড়ক নির্মাণের কাজ শুরু হয়। ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মহিদুল হাসান ও উন্নয়ন প্রকল্পের (এডিপি-৪) অর্থায়নে সড়কটি উঁচু করে পাকা করা হয়, যা বর্ষাকালে পানির চাপ কমিয়ে আনবে। এখন আর সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকছে না। স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়ারেছ, হযরত আলী, মাফুসহ অনেকে বলেন, নতুন সড়ক নির্মাণের ফলে তাদের দৈনন্দিন চলাচলে অনেক সুবিধা হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী ও বৃদ্ধদের জন্য অবেহেলামুক্ত হয়েছে চলাচলের পরিস্থিতি। তারা কর্তৃপক্ষের তৎপরতা ও বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকলে গ্রামীণ জীবন আরও সুন্দর ও সহজ হবে। ইউনিয়ন পরিষদের সদস্য মহিদুল হাসান বলেন, আগে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে ডুবে যেত। স্থানীয়রা শ্যালো চালিত পানির সেচ দিয়ে সড়কটি পার করতেন। সম্প্রতি ইউপি কর্তৃপক্ষের উদ্যোগে সড়কের প্রায় ২০০ মিটার সিসি ঢালাই করা হয়েছে, অন্য অংশের উন্নয়ন জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। SHARES সারাদেশ বিষয়: