ক্রিকেটের আইনে বেশ কয়েকটি বড় পরিবর্তন এমসিসির Staff Staff Reporter প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬ ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) খেলার প্রচলিত নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে। নতুন প্রকাশিত আইনে টেস্ট বা একাধিক দিনের ক্রিকেটে দিনের শেষ ওভারের নাটকীয়তা ধরে রাখতে আনা হয়েছে বদল। আগামী ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই আইনে মোট ৭৩টি গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ভাষাগত সংশোধন এনেছে এমসিসি। দিনের শেষ ওভার: এতদিন টেস্ট বা প্রথম শ্রেণির ক্রিকেটে দিনের শেষ ওভারে উইকেট পড়লে সাধারণত খেলা সেখানেই শেষ করে দেওয়া হতো। কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে, দিনের শেষ ওভারে উইকেট পড়লেও খেলা বন্ধ হবে না। ওভারের বাকি বলগুলো সম্পন্ন করতে হবে এবং নতুন ব্যাটারকে ক্রিজে এসে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এমসিসির ব্যাখ্যা, শেষ ওভারে উইকেট পড়লে ব্যাটিং দল নতুন ব্যাটার না নামিয়ে দিনের খেলা শেষ করার যে সুবিধা পেত, তা অন্যায্য। এতে ম্যাচের নাটকীয়তা নষ্ট হতো। নতুন নিয়মে পরিস্থিতি অনুকূলে থাকলে ওভার পূর্ণ করতেই হবে। বাউন্ডারি ক্যাচ ও ‘বানি হপ’: বাউন্ডারির ঠিক সীমানায় ফিল্ডারদের কসরত বা ‘বানি হপ’ ক্যাচে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল ভেতরে ঠেলে দিয়ে আবার মাঠে ঢুকে ক্যাচ ধরার যে কৌশল (বানি হপ) ব্যবহার করতেন, তা এখন কঠিন হবে। নতুন নিয়মে, বাউন্ডারির বাইরে থেকে এসে শূন্যে থাকা অবস্থায় ফিল্ডার মাত্র একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর ক্যাচটি পূর্ণ করতে হলে তাকে অবশ্যই বাউন্ডারির ভেতরে থাকতে হবে। ক্লাব ক্রিকেটে ল্যামিনেটেড ব্যাট: উইলো কাঠের সংকট এবং ব্যাটের আকাশচুম্বী দাম কমাতে প্রাপ্তবয়স্কদের ক্লাব ক্রিকেটে ‘ল্যামিনেটেড’ বা জোড়া দেওয়া কাঠের ব্যাট (টাইপ ডি) ব্যবহারের অনুমোদন দিয়েছে এমসিসি। ২০১৭ সালে এটি শুধু জুনিয়র ক্রিকেটে বৈধ ছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, কেবল ঘরোয়া বা ক্লাব পর্যায়ে এই ব্যাট ব্যবহার করা যাবে। হিট উইকেট ও ইনিংস ঘোষণা: হিট উইকেটের সংজ্ঞায়ও এসেছে বদল। শট খেলার পর ভারসাম্য হারিয়ে কিছুক্ষণ পর স্টাম্পে পড়ে গেলেও ব্যাটার আউট হবেন। তবে ভারসাম্য ফেরানোর সময় ফিল্ডারের সঙ্গে ধাক্কা লেগে স্টাম্পে পড়লে আউট হবে না। এছাড়া ব্যাট হাত থেকে ছুটে সরাসরি স্টাম্পে লাগলে আউট, কিন্তু অন্য ফিল্ডার বা কিপারকে স্পর্শ করে স্টাম্পে লাগলে নট আউট। অন্যদিকে, ম্যাচের শেষ ইনিংসে কোনো অধিনায়ক এখন থেকে আর ইনিংস ঘোষণা বা ‘ডিক্লেয়ার’ করতে পারবেন না। এমসিসি জানায়, নতুন এই আইনগুলো ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে। তবে আন্তর্জাতিক ম্যাচে এগুলো অন্তর্ভুক্ত হবে কি না, তা নিয়ে আইসিসির ক্রিকেট কমিটিতে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এমসিসির আইন ব্যবস্থাপক ফ্রেজার স্টুয়ার্ট জানান, আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতেই ১৭৮৭ সাল থেকে চলে আসা আইনগুলো সময়োপযোগী করা হয়েছে। SHARES খেলাধুলা বিষয়: