বিডা ও জাইকার উদ্যোগে ‘বাংলাবিজ ২.০’ প্ল্যাটফর্মের উদ্বোধন

Staff Staff

Reporter

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ সেবাকে একটি একীভূত ও সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের

লক্ষ্যে সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাপান ইন্টারন্যাশনাল

কো-অপারেশন এজেন্সির (জাইকা) যৌথ উদ্যোগে ‘বাংলাবিজ ২.০’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

হয়েছে। ঢাকার আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন

সংস্করণটি উন্মোধন করা হয় যা বিনিয়োগকারীদের জন্য একটি একক ও পূর্ণাঙ্গ ডিজিটাল

সেবা নিশ্চিত করার পথে বড় ধরনের অগ্রগতি। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তথ্যভিত্তিক

পোর্টাল হিসেবে এর প্রথম সংস্করণ চালু হলেও এবারের সংস্করণে যুক্ত হয়েছে ‘বিজনেস

স্টার্টার প্যাকেজ’, যার মাধ্যমে নাম ক্লিয়ারেন্স থেকে শুরু করে ট্রেড লাইসেন্স

পর্যন্ত পাঁচটি প্রধান অনুমোদন একটি মাত্র আবেদনের মাধ্যমে মাত্র তিন কার্যদিবসে

সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া পরিবেশ ছাড়পত্র ও ভ্যাট নিবন্ধনসহ ২০টিরও বেশি

ব্যবসায়িক অনুমোদন এখন এই এক প্ল্যাটফর্ম থেকেই পাওয়া যাবে।

বিনিয়োগকারীদের সুবিধার্থে এই প্ল্যাটফর্মে ‘নো ইওর অ্যাপ্রুভালস’ এবং ‘বাংলাবিজ

আইডি’ নামক নতুন ফিচার যুক্ত করা হয়েছে যা ব্যবসায়িক প্রোফাইল ব্যবস্থাপনা ও

আবেদনের অগ্রগতি ট্র্যাকিং সহজতর করবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান

উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, ‘সরকারি সেবা

ডিজিটাল করতে হলে তা ব্যবহারকারীকেন্দ্রিক ও শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ

ডিজিটাল হতে হবে।’ একই অনুষ্ঠানে জাইকার বাংলাদেশ অফিসের প্রধান তোমোহিদে ইচিগুচি

বিশেষ অতিথির বক্তব্যে উল্লেখ করেন, ‘বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে স্বচ্ছ, দ্রুত ও

পূর্বানুমেয় সরকারি সেবার জন্য দাবি জানিয়ে আসছিলেন, বাংলাবিজ সেই দাবির একটি

বাস্তব ও কার্যকর সমাধান।’ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে

অনুষ্ঠিত এই সভায় জানানো হয় যে শিগগিরই বাংলাবিজকে বিনিয়োগ সংক্রান্ত সব সরকারি

সেবার একক প্রবেশদ্বার হিসেবে নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হবে। সভাপতির বক্তব্যে

আশিক চৌধুরী বলেন, ‘বিনিয়োগকারীদের প্রয়োজন নির্দিষ্ট সময়সীমা, স্বচ্ছ কার্যপ্রবাহ

এবং কাজ সম্পন্ন করার জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।’ ২০৩০ সাল পর্যন্ত একটি

সুনির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী এই প্ল্যাটফর্মটি দেশের বিনিয়োগ পরিবেশকে বিশ্বমানের

পর্যায়ে নিয়ে যাবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে দেশি বিদেশি বিনিয়োগকারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উপপরিচালক আবু মোহাম্মদ নূরুল হায়াত

টোটুল এবং বোস্টন কনসালটিং গ্রুপের (বিসিজি) ব্যবস্থাপনা পরিচালক ও পার্টনার তৌসিফ

ইশতিয়াক।